বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
জয় মোদিকে বলছে নির্বাচন দেয়ার জন্য, মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবেনা, কোন ওয়েস্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবেনা। বাংলাদেশ চলবে ছাত্র-জনতার প্রেসক্রিপশনে। ফ্যাসিবাদ প্রীতি কথা টক শোতে শোনা যাচ্ছে। সন্ত্রাসী ছাত্রলীগ ও জাতীয় পার্টির প্রতি মায়া কান্না শোনা যাচ্ছে। যা শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ সংবিধানকে বাইবেল বা ধর্মগ্রন্থের মত বাস্তবায়ন করেছে। তিনি বুধবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুঁলতলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যর কড়া জবাব দিয়ে বলেন, তিনি গতকাল (মঙ্গলবার) একটি কথা বলেছেন যে, বাবার আগে ছেলে হাঁটলে দেশ শেষ। অর্থাৎ উনি বুঝিয়েছেন অর্থাৎ উনাদের আগে যদি তরুণ প্রজন্ম কোন সিদ্ধান্ত নেয় সেটি দেশকে ধ্বংস করে দেবে। আমি মির্জা আব্বাস সাহেবকে বলতে চাই আমার বয়স ২৬ বছর। আমার বাবার বয়স ৫২ বছর। উনি রাজনীতি করেন অন্তত ৫৫ বছর। অর্থাৎ আমার বাবার বয়সের চেয়ে বেশি উনার রাজনৈতিক ক্যারিয়ার। ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে উনাদের যে ত্যাগ সেটি অন্তত তাৎপর্যপূর্ণ। মির্জা আব্বাস সাহেবের প্রতি সম্মান রেখে বলছি, উনাদের যে কটাক্ষ মূলক বক্তব্য আমাদের প্রজন্ম ভিত্তিক যে কনফিল্ট, জেনারেশন ভিত্তিক কনফিল্ট কিন্তু তৈরি করছে।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান সহ জেলার সহ সমন্বয়কেরা ও হাসনাত, সারজিসের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।