বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় সাম্প্রতিক সংশোধন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার। এদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে আদানি পাওয়ার গ্রুপ।
গ্রুপটি বলেছে, সরকার বিদ্যুৎ রপ্তানি আইনে যে সংশোধন এনেছে এরমাধ্যমে ভারতের গ্রিডে আদানির বিদ্যুৎ যুক্ত হবে। কিন্তু এক্ষেত্রে ভারত বিদ্যুৎ কিনতে বাধ্য থাকবে না।
সংস্থাটি এ ব্যাপারে বিবৃতিতে বলেছে, “বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা সূচি এবং বিদ্যুৎ কেনার চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ চুক্তির বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পারস্পরিক পরিপূর্ণতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী।”
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের একমাত্র কেন্দ্র যেটি প্রতিবেশী দেশের তাদের ১০০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
সংবাদমাধ্যম সিএনবিসিটিভি১৮ জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ঝুঁকিতে পড়ায় ভারতের গ্রিডেও তাদের বিদ্যুৎ যুক্ত করে আইনে সংশোধন আনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিদ্যুৎ সরবরাহ আইনে পরিবর্তন আনে ভারত।