• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা পুলিশ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ০৮:০০ ঘটিকা হতে প্রায় চার ঘন্টাব্যাপী তেজগাঁও থানার কারওয়ান বাজার, তেজগাঁও রেল স্টেশন, তেজকুনী পাড়া, ফার্মগেট, রেল লাইন সংলগ্ন এলাকা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেল লাইন ও আশেপাশের এলাকা এবং হাতিরঝিল থানার পাগলা মাজার, সোনা মিয়ার গলি, তালতলা গলি, গাবতলা গলি, বাগিচার টেক, উলন রোড, হাতিরঝিল পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেফতার করা হয়। তন্মধ্যে তেজগাঁও থানা ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ০৬ জন এবং হাতিরঝিল থানা ২৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান, তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার এবং তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জসহ তিন থানার চৌকস দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।