বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ৯ টার দিকে খিলক্ষেতের লেকসিটির বাসায় শারীরিকভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তখন তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিয়ে নিজ শহর মৌলভীবাজার যান তার স্বজনরা। সেখানেই তার সৎকার করা হয়। সৌমিত্র দেব কবি, সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী লিখতেন তিনি। পেশাগত জীবনে দৈনিক প্রথম আলো পরবর্তীতে দৈনিক মানবজমিনে কাজ করেছেন। সর্বশেষ তিনি অনলাইন পত্রিকা রেড টাইমস ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০-এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক।
সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব বলেন, আঘাতের পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই মৃত্যু ঘটে।
কবি সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (PIB) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিতে সৌমিত্র দেবের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকালমৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গন হারাল এক নিষ্ঠাবান প্রতিবাদী সৈনিককে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০২৪ সালের ১৯ অক্টোবর ৭ই মার্চ ও ১৫ আগষ্ট জাতীয় (শোক দিবস) বাতিলের প্রতিবাদে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে কবি সৌমিত্র দেবের উপর হামলার ঘটনা ঘটে।সেদিন তিনি মারধরের ও শিকার হয়েছিলেন।
তাঁর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।