• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বসুন্ধরা গ্রুপ ও থাইল্যান্ডের পিটিটি ওআর-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে শুরু হলো বিশ্বখ্যাত কফি চেইন ‘ক্যাফে আমাজন’-এর যাত্রা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬
বসুন্ধরা গ্রুপ ও থাইল্যান্ডের পিটিটি ওআর-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে শুরু হলো বিশ্বখ্যাত কফি চেইন ‘ক্যাফে আমাজন’-এর যাত্রা

দেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে নতুন আন্তর্জাতিক মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে থাইল্যান্ডের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় কফি চেইন ‘ক্যাফে আমাজন’। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এবং থাইল্যান্ডের পিটিটি অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেড (পিটিটি ওআর)-এর যৌথ উদ্যোগে এ বৈশ্বিক ব্র্যান্ডটির পথচলা শুরু হলো।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে বসুন্ধরা সিটি শপিং মলের অ্যাট্রিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এবং তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন। আহমেদ ইব্রাহিম সোবহানের দূরদর্শী নেতৃত্বে ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের এই কফি চেইনটি বাংলাদেশে এসেছে।

অনুষ্ঠানে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, “আমরা বাংলাদেশকে অসাধারণ সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বিবেচনা করছি। পিটিটি ওআর-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের একটি ব্র্যান্ড বাংলাদেশে নতুন সুযোগ তৈরি করবে। ক্যাফে আমাজন একটি বৃহত্তর যাত্রার সূচনা, যা আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।”

আন্তর্জাতিক মানের গুণগত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির, যা তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

উদ্বোধনী আয়োজনে থাই সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী মুয়ে থাই মার্শাল আর্ট প্রদর্শনী, গ্রাহক অ্যাক্টিভেশন, ক্যাফে আমাজনের মাসকট ‘জোনজোন’-এর উপস্থিতি এবং জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও জেফার রহমানের পরিবেশনা দর্শনার্থীদের থাই সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য অভিজ্ঞতা দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রয়্যাল থাই অ্যাম্বাসির রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি থিতিফর্ন চিরাছাওয়াদি, মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) অনুসর্ন কাউতিপবিত্তায়া, হাঙ্গেরিয়ান-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট পোজ্জানা পানিয়াংভাইত, পিটিটি ওআর-এর লাইফস্টাইল বিজনেসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রাইপিট প্রেমমানি, ক্যাফে আমাজন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট থিতি সুয়ানসাক ও উইলাই বুনচারোয়েনচাইসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০০২ সালে প্রতিষ্ঠিত ‘ক্যাফে আমাজন’ বর্তমানে থাইল্যান্ডে ৪,৭০০টিরও বেশি আউটলেট নিয়ে দেশের এক নম্বর কফি চেইন হিসেবে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশে এর ৩০টিরও বেশি আন্তর্জাতিক আউটলেট রয়েছে। ‘টেস্ট অব নেচার’ বা ‘প্রকৃতির স্বাদ’ দর্শনে অনুপ্রাণিত এই ব্র্যান্ডটি প্রিমিয়াম কফি, খাঁটি থাই পানীয় এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031