• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রবীন্দ্রজন্মজয়ন্তী উদ্‌যাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রবীন্দ্রজন্মজয়ন্তী উদ্‌যাপন


আগামিকাল “রবির চিত্র, চিত্রে রবী” প্রদর্শনীর উদ্বোধন করবেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে সকল জেলা শিল্পকলা একাডেমিতে চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন।
৪দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ দ্বিতীয় দিন ৯ মে ২০২৬, বিকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবিগুরু রচিত গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়েছে। আগত দর্শকশ্রোতাদের উপস্থিতিতে পুর্ণ ছিলো মিলনায়তন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি বলেন,
“রবীন্দ্রনাথ আমাদের কৃষ্টির সাথে জড়িত, কালচার, শিক্ষার সাথে জড়িত এবং আমাদের বাংলা বিকাশের সাথে জড়িত। তাঁর লেখায় মানুষের জীবন ফুঁটে উঠতো।” বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে উদ্দেশ্য করে তিনি আরো বলেন -“আমাদের মধ্য থেকে বিখ্যাত কবি, সাহিত্যিক চলে যাবার পর আর আমরা তা তৈরি করতে পারিনি। হুমায়ুন আহমেদ চলে যাবার পর আর হুমায়ুন আহমেদ তৈরি করতে পারিনি। শিল্পকলা একাডেমির কাছে প্রত্যাশা – সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে সাহিত্যের বিকাশ ঘটবে, শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটবে, আর এই কাজকে আপনারা সামনে বসে এগিয়ে নিয়ে যাবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, “বাংলার সাহিত্য-সংস্কৃতি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা কল্পনাও করতে পারিনা। আমাদের সাংস্কৃতিক কর্মীরা আর্থিকভাবে অনেক দুর্বল তাদের সহযোগিতার জন্য একটা বিশেষ তহবিল তৈরি করতে যাচ্ছি যাতে সংস্কৃতি কর্মীরা বিভিন্ন সমস্যায় সহযোগিতা পেতে পারেন এবং তাদের কর্মসংস্থান যাতে তৈরি হয় সে ব্যাপারেও আমরা ভাবছি। আমরা দক্ষ প্রশিক্ষক তৈরি করার প্রকল্প নিচ্ছি যাতে প্রতিটি জেলায় একাধিক দক্ষ প্রশিক্ষক থাকে। এটি আমরা আগমী অর্থ বছরেই বাস্তবায়ন করার চেষ্টা করবো। আগামী বছর আমাদের এখানে খুব বড় করে একটি সার্ক কালচারাল ফেস্টিবল অনুষ্ঠিত হবে। আমরা এখন যেমন একুশে পদক দেই, স্বাধীনতা পদক দেই, তেমনি আমাদের কালচারাল মিনিস্ট্রি থেকে আমরা সংস্কৃতি পদক শুরু করতে যাচ্ছি”।

এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। তিনি বলেন, “যুগে যুগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা তুলে ধরে মহাপরিচালক বলেন- “সভ্যতার সংকটের সময় তাঁর নাটক, কবিতা গান, নাটক আমাদের সাথী। এই নতুন গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলা। নজরুলও এই কথাটি অনেক আগে বলে গিয়েছিলেন যে চাকমা, সাঁওতাল, গারো, বাঙালি সারা বাংলাদেশের সকল সম্প্রদায়, পাহাড়ে যারা আছে সমতলের সবাই মিলে ঐক্য গড়ে তুলবো।আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো যেখানে একটি শোষণমুক্ত সমাজ পাবো। নানান উৎসব দিয়ে আমরা সারা বাংলাদেশে সংস্কৃতির জোয়ার তৈরি করতে চাই।”
তিনি আরো বলেন- “মাদককে দূরে রাখতে হলে, তরুণ সমাজকে গড়ে তুলতে হলে আমাদের সংস্কৃতির বিকল্প নেই রবীন্দ্রনাথ নজরুলের বিকল্প নেই।”

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনার শুরুতেই সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এরপর সুইটি দাস-এর পরিচালনায় ‘আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’ গানের সাথে নৃত্য পরিবেশিত হয়। একক সংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই’ পরিবেশন করেন শিল্পী শাহনাজ নাসরিন ইলা। এরপর ‘বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে’ গানের সাথে সামিনা হোসেন প্রেমা’র পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতাটি আবৃত্তি করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা পরিবেশন করেন সমবেত সংগীত ‘আগুনের পরশমণি এবং ও আমার দেশের মাটি’। এরপর একক সংগীত ‘তোমায় গান শোনাব’ পরিবেশন করেন শিল্পী চঞ্চল খান এবং ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’ পরিবেশন করেন শিল্পী মোহনা দাস। সায়মা সারমিন ইমা পরিবেশন করেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঝড়ের খেয়া’ কবিতা ইকবাল আহমেদ এবং ‘কৃষ্ণকলি’ কবিতা এনামুল কবির জুয়েল আবৃত্তি করেন। শিল্পী অনিমা রায় পরিবেশন করেন একক সংগীত ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। সবশেষে ফারহানা চৌধুরী বেবী’র পরিচালনায় সমবেত নৃত্য ‘মন মোর মেঘের সঙ্গী’ পরিবেশিত হয়।

আগামীকাল ১০ মে ২০২৬, বিকাল ৫ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডাঃ জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন।

এদিন বিকাল ৫ :৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবং বিকেল ৫ টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী’র উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।

উল্লেখ্য যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সকল অনুষ্ঠানমালা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে (shilpakalachannel)-এ সরাসরি সম্প্রচারিত হয়।সকল আয়োজন উন্মুক্ত রয়েছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930