• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতে অনুপ্রবেশ চেষ্টায় বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতে অনুপ্রবেশ চেষ্টায় বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ সম্প্রতি গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়৷ বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ। তিনি বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়ার তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকায় রাত ৮টার সময় বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নেয়। পরে বিজিবির কাছে খবর পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঐ ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে। বিজিবি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।