• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টাঙ্গুয়ার হাওরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
টাঙ্গুয়ার হাওরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এ হাওরকে দায়িত্বশীল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার।

উপদেষ্টা গতরাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, অবৈধ জালের আমদানি-রপ্তানি ও ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে। ফলে মাছের বংশ বৃদ্ধি পাবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, হাওরে পলি অপসারণ, মাছ রক্ষায় নিষিদ্ধকাল ঘোষণা এবং অভয়াশ্রম সৃষ্টি করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি, কৃষি, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।