গণফোরাম ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে। আজ জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশন (Consensus Commission) কর্তৃক আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরামের পক্ষে স্বাক্ষর করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান।
অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণফোরাম সব সময়ই বাংলাদেশের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রামে জড়িত ছিল। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি কমিশনের পক্ষ থেকে দলটিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং ঐকমত্য প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।