• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আবার ও বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪
আবার ও বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেতে যাচ্ছেন,অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন।

সূত্র অনুসারে, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইলে সই করেছেন। চলতি সপ্তাহে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ আগামী ১৬ মে তাঁর মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা-৫ (১) অনুসারে, বিএসইসিতে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার থাকেন। বর্তমানে কমিশনে একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার আছেন। বিএসইসির চেয়ারম্যান পুনর্নিয়োগের বিষয়ে আইনে বলা হয়েছে, চেয়ারম্যান ও কমিশনাররা তাঁদের নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদের জন্য নিজ নিজ পদে বহাল থাকবেন এবং অনুরূপ একটিমাত্র মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হবেন। তবে শর্ত হলো, কোনো ব্যক্তির বয়স ৬৫ পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না বা চেয়ারম্যান বা কমিশনার পদে বহাল থাকবেন না।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ মে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন হবে। অর্থাৎ তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হতে ৪ বছরের বেশি সময় বাকি আছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগের যোগ্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী আগামী ১৭ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য আরও একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে শিবলী রুবায়ইয়াত-উল-ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।