• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহার করায় বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিবিএ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২৬
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহার করায় বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিবিএ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং সম্মানিত কমিশন সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) ডিবিএর পক্ষ থেকে প্রেরিত এক লিখিত বার্তায় এ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বার্তায় ডিবিএ উল্লেখ করে যে, গত ০৪ মে ২০২৬ তারিখে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূরীকরণ এবং স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসির নিকট একটি আবেদনপত্র প্রেরণ করা হয়। ডিবিএর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই পত্রে বলা হয় যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় একদিকে বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার (Price Discovery) প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়া, ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বৃদ্ধি করছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করছে বলেও ডিবিএ তার আবেদনে উল্লেখ করে।

ডিবিএর উক্ত আবেদন ও বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএসইসির নবনিযুক্ত কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং তাঁর নেতৃত্বাধীন কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবিএ মনে করে, এই সময়োপযোগী সিদ্ধান্ত বাজারে দীর্ঘদিনের স্থবিরতা নিরসন, স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে সহায়ক হবে।
ডিবিএ আশা প্রকাশ করে যে, জনাব মাসুদ খানের নেতৃত্বে নতুন কমিশন বাজারের স্বার্থে দীর্ঘদিন ধরে বিদ্যমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিধি-বিধান এবং প্রতিবন্ধকতাসমূহের প্রয়োজনীয় সংস্কার সাধন করবে এবং একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থানির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত চেয়ারম্যানসহ কমিশনের সকল সদস্যকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে অতীতের ন্যায় ভবিষ্যতেও কমিশনের সঙ্গে একযোগে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930