রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ নিত্যনতুন ও আধুনিক সোলার প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান ‘আইকন গ্রিন সোলার এনার্জি লিমিটেড’। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) মেলায় প্রতিষ্ঠানটির স্টল পরিদর্শনে আসা দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের সামনে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের বর্তমান সম্ভাবনা, সরকারি নীতিগত সহায়তা এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আইকন গ্রিন সোলার এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইয়ুম খান।
সরকারি সহায়তা ও ১% ট্যাক্স সুবিধায় নতুন বিপ্লব এবারের এক্সপোতে নিজেদের অংশগ্রহণের বিশেষত্ব তুলে ধরে সিইও কাইয়ুম খান বলেন, বিগত সময়ের চেয়ে এবারের আয়োজনটি অনেক বেশি ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সোলার ইন্ডাস্ট্রি তথা নবায়নযোগ্য জ্বালানি খাতকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এর ফলে দেশের প্রতিটি ঘরে ঘরে রিনিউএবল এনার্জি, সোলার প্যানেল, ইনভার্টার এবং ব্যাটারি পৌঁছে দেওয়া এখন সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, পূর্বে এই খাতে ট্যাক্সের হার ১৩ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৬৪ শতাংশ পর্যন্ত ছিল, যা ছিল এই খাতের বিকাশে একটি বড় প্রতিবন্ধকতা। বর্তমান সরকার তা কমিয়ে মাত্র ১ শতাংশ ট্যাক্সের আওতায় নিয়ে এসেছে। এই অভূতপূর্ব সুবিধার ফলে এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে সোলার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কাইয়ুম খান উল্লেখ করেন, বিগত পাঁচ বছর আগেও যদি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এভাবে কাজ করা যেত, তবে বর্তমানের জ্বালানি সংকট মোকাবিলা করা আরও সহজ হতো।
সোলার এনার্জি এখন আর কোনো বিলাসিতা নয়, বরং সময়ের প্রয়োজনে এটি একটি অপরিহার্য চাহিদায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন কাইয়ুম খান। তিনি বলেন, “আগে সোলার বলতে কেবল একটি প্যানেল ও একটি লাইট বোঝানো হতো। কিন্তু আমরা সেই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে সম্পূর্ণ আধুনিকায়ন নিয়ে এসেছি। বিশ্বের বড় বড় কোম্পানির সর্বাধুনিক প্রযুক্তি ও নিত্যনতুন প্রোডাক্ট এখন আমাদের কাছে রয়েছে। এর মাধ্যমে একজন সাধারণ গ্রাহক—যার ঘরে কেবল একটি ফ্যান, একটি লাইট ও একটি টিভি রয়েছে—তিনিও যেমন এই সুবিধা পাবেন, তেমনি সোলারের মাধ্যমে লাইট, ফ্যান, ফ্রিজ, এসি ও টিভিসহ ঘরের সব বৈদ্যুতিক সরঞ্জাম চালানো সম্ভব হবে।”
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আইকন গ্রিন সোলার এনার্জি লিমিটেডের পণ্য ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় গ্রাহকদের মধ্যে রয়েছে ওয়ালটন, রহিমআফরোজ এবং সুপারস্টারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান, যাদের মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আইকনের পণ্য পৌঁছে যাচ্ছে।
চলমান বড় প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে সিইও জানান, বর্তমানে এনআর (NR) গ্রুপের সাথে ৩৫ মেগাওয়াট এবং ফার গ্রুপের সাথে ১২ মেগাওয়াটের অন-গ্রিড সিস্টেম সোলার প্রজেক্টের কাজ চলমান রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সরঞ্জাম শিপমেন্ট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০০ মেগাওয়াটের বেশি ইন্সটলেশন শেষে উৎপাদনে চলে গেছে এবং বাকি অংশ ইন্সটলেশন ও সরবরাহের পর্যায়ে রয়েছে।
গ্রাহকদের আস্থা ও সেবার মান প্রসঙ্গে কাইয়ুম খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আইকন কখনোই কোনো নিম্নমানের (লো-গ্রেড) প্রোডাক্ট নিয়ে কাজ করে না। আমরা সবসময় পণ্যের গুণগত মান এবং গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিই।”
বিক্রয়োত্তর সেবা সম্পর্কে তিনি একটি অনন্য প্রতিশ্রুতির কথা জানান। প্রতিষ্ঠানটির রয়েছে একটি দক্ষ সার্ভিস টিম। যদি কোনো গ্রাহকের ইনভার্টারে কোনো ধরনের ত্রুটি (ফল্ট) দেখা দেয়, তবে সেটি মেরামত বা সার্ভিসিং করার পরিবর্তে কোম্পানির পক্ষ থেকে গ্রাহককে সরাসরি একটি সম্পূর্ণ নতুন (ব্র্যান্ড নিউ) ইনভার্টার পৌঁছে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।