ইন্টেক্স এক্সপো ২০২৬-এ দর্শনার্থীদের ব্যাপক সাড়া, ২৩ বছরের অভিজ্ঞতায় উডওয়ার্কিং প্রযুক্তি খাতে কাজ করছে উডটেক সলিউশন
ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র শিল্পে আধুনিক প্রযুক্তি, উন্নত মেশিনারিজ এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছে ডব্লিউটিএস (উডটেক সলিউশন)। উডওয়ার্কিং প্রযুক্তি খাতে দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি দেশের ফার্নিচার ও ইন্টেরিয়র শিল্পের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিন দিনব্যাপী আয়োজিত ‘ইন্টেক্স এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনে শনিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব নইমুল হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা ডব্লিউটিএস বা উডটেক সলিউশন গত ২৩ বছর ধরে বাংলাদেশে উডওয়ার্কিং টেকনোলজি নিয়ে কাজ করছি। বাংলাদেশে এই বিষয়ে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। এবার বাংলাদেশে তৃতীয়বারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ফার্নিচার, ডোর ও ইন্টেরিয়র শিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের জন্য প্রযুক্তি, কাঁচামাল, ফিটিংস, হার্ডওয়্যারসহ বিভিন্ন বিষয় এখানে প্রদর্শন করা হচ্ছে।”
মেলায় অংশগ্রহণ ও স্পন্সরশিপ প্রসঙ্গে নইমুল হোসেন বলেন, তৃতীয়বারের মতো এই আয়োজনে অংশগ্রহণ এবং স্পন্সর হিসেবে যুক্ত হয়ে তাঁরা বেশ ভালো সাড়া পাচ্ছেন। সারাদেশ থেকে ফার্নিচার, ইন্টেরিয়র ও ডোর শিল্পের উৎপাদনকারীরা আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন উপকরণ সম্পর্কে জানতে মেলায় আসছেন। অনেক উদ্যোক্তা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মেলা পরিদর্শন করছেন, নতুন প্রযুক্তি ও মেশিনারিজ সম্পর্কে জানছেন। অনেকে বুকিংও দিচ্ছেন।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক বিক্রি তাঁদের মূল লক্ষ্য নয়। বরং নতুন প্রযুক্তি ও আধুনিক মেশিনারিজ সম্পর্কে উদ্যোক্তাদের ধারণা দেওয়া এবং এসব প্রযুক্তির সঙ্গে তাঁদের পরিচিত করানোই প্রধান উদ্দেশ্য। সার্বিকভাবে এবারের প্রদর্শনী বেশ সফল হয়েছে বলে মনে করেন তিনি।
দীর্ঘ ২৩ বছরের পথচলায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড ফার্নিচার ও ডোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাতিল, নাদিয়া, ব্রাদার্স, পারটেক্স, হাতিম ও নাভানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে উডটেক সলিউশনের। এসব প্রতিষ্ঠানের কনসালটেন্সি, কারখানা উন্নয়ন এবং পণ্য উন্নয়নে কাজ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বড় শিল্পকারখানাগুলোর উন্নয়নেও তারা সহযোগিতা করছে।
প্রতিষ্ঠানটির এমডি জানান, বর্তমানে সারাদেশে তাঁদের ১৫ হাজারেরও বেশি ক্লায়েন্ট রয়েছে। তাঁদের সরবরাহ করা প্রায় ১৪ হাজারের বেশি মেশিন সফলভাবে সচল রয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় বর্তমানে উডওয়ার্কিং বিভাগে ১২৩ জন কর্মী কাজ করছেন। পাশাপাশি রয়েছে একটি বড় আফটার-সেলস সার্ভিস টিম।
গ্রাহকদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে ২০১৬ সালে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের আফটার-সেলস সার্ভিসের জন্য মোবাইল অ্যাপ চালু করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সারাদেশে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। মেশিন সরবরাহের পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবাকে তাঁরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন বলে জানান নইমুল হোসেন।
প্রতিষ্ঠানের অবস্থান ও সুনাম প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে তাঁরা এই খাতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। বিশেষায়িতভাবে উডওয়ার্কিং প্রযুক্তি নিয়ে কাজ করায় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা ও সমাধান দেওয়া সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যবসায়িক বা আর্থিক সুবিধার চেয়ে শিল্পের উন্নয়নকে তাঁরা বেশি গুরুত্ব দেন। মানসম্মত ও উন্নত ফিনিশিংয়ের পণ্য তৈরি, উৎপাদন ব্যয় কমানো, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং কার্যকর বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করাই তাঁদের কাজের অন্যতম প্রধান লক্ষ্য।
নতুন প্রযুক্তি ও আধুনিক মেশিনারিজের মাধ্যমে দেশের ফার্নিচার, ডোর ও ইন্টেরিয়র শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডব্লিউটিএসের ব্যবস্থাপনা পরিচালক জনাব নইমুল হোসেন।