আধুনিক লিফট ও এসকেলেটর প্রযুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য এবং উন্নত বিক্রয়োত্তর সেবা নিয়ে দেশের এলিভেটর খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি
দেশের আবাসন ও এলিভেটর খাতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পুলিশ টাওয়ার, গণপূর্ত অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে লিফট সরবরাহ করছে সিপিডিএল-এর সহযোগী প্রতিষ্ঠান সিপিডিএল ভার্টিকাল। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের পণ্য এবং গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশের লিফট ও এসকেলেটর খাতে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে অবস্থিত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি)-তে আয়োজিত ‘২য় বিলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ উপলক্ষে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান সিপিডিএল ভার্টিকালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খাইরুজ্জামান জোয়ারদার।
তিনি জানান, ২০০৪ সালে ‘সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’ নামে সিপিডিএলের যাত্রা শুরু হয়। ২০১৫ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের আবাসন খাতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৪০টি প্রকল্পের কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৩৫টি প্রকল্প চলমান রয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে।
লিফট ও এলিভেটর খাতে সিপিডিএলের যাত্রা শুরু হয় ২০১১ সালে ‘সিপিডিএল ভার্টিকাল’ প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির সরবরাহ করা প্রায় ৪০০টি লিফট সচল রয়েছে। অল্প সময়ের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বাজারে নিজেদের অবস্থান তৈরি করার পেছনে উন্নত প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবা এবং আগাম রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
খাইরুজ্জামান জোয়ারদার বলেন, লিফট ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো যাত্রী লিফটে আটকে গেলে তাঁর মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তাঁরা ‘প্রিভেন্টিভ অ্যাকশন’ বা আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেন। অর্থাৎ যন্ত্রে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ার আগেই প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে সিপিডিএল ভার্টিকালে প্রায় ১৩০ জন দক্ষ জনবল কাজ করছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লিফট সরবরাহ ও সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, পুলিশ টাওয়ার, গণপূর্ত এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে লিফট সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি বড় প্রকল্পগুলোতেও নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে।
আন্তর্জাতিক ব্র্যান্ড ‘নিডেক’-এর লিফট নিয়ে কাজ করছে সিপিডিএল ভার্টিকাল। ব্র্যান্ডটির উৎপাদন কেন্দ্র জাপান, যুক্তরাষ্ট্র ও চীনে রয়েছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পণ্যের সমন্বয়ে গ্রাহকদের আধুনিক এলিভেটর সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এবারের এক্সপোতে অংশগ্রহণ প্রসঙ্গে সিইও বলেন, দ্বিতীয়বারের মতো বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত এই আন্তর্জাতিক এলিভেটর এক্সপোতে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত। এ ধরনের আয়োজন লিফট ও এসকেলেটর প্রযুক্তির সর্বাধুনিক সমাধান সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করে। খুব শিগগিরই ঢাকার বাজারে আরও বড় পরিসরে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
গ্রাহকদের সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের জামালখান ও খুলশীতে দুটি এবং ঢাকার বনানীতে একটি অফিস রয়েছে সিপিডিএল ভার্টিকালের। এসব কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ, বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।
আধুনিক লিফট ও এসকেলেটর প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে দেশের এলিভেটর খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় সিপিডিএল ভার্টিকাল।