• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফায়ার সেফটি এক্সপোতে কোয়াডহাব ও দাহুয়ার এআই ফায়ার অ্যালার্ম প্রযুক্তিতে দর্শনার্থীদের আগ্রহ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
ফায়ার সেফটি এক্সপোতে কোয়াডহাব ও দাহুয়ার এআই ফায়ার অ্যালার্ম প্রযুক্তিতে দর্শনার্থীদের আগ্রহ

বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড দাহুয়ার আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও আইওটি (ইন্টারনেট অব থিংস)-ভিত্তিক ফায়ার অ্যালার্ম প্রযুক্তি এবং সমন্বিত লাইফ সেফটি সল্যুশন চালুর ঘোষণা দিয়েছে কোয়াডহাব লিমিটেড। আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এ প্রযুক্তির মাধ্যমে প্রচলিত ফায়ার অ্যালার্ম ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট নিরাপত্তাব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত ১০ম ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’ (IFSSE)-এ এসব তথ্য জানান কোয়াডহাব লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকির উদ্দীন আহমেদ। এ সময় তিনি দাহুয়ার আধুনিক ফায়ার অ্যালার্ম প্রযুক্তি, নতুন উদ্ভাবন, বাংলাদেশের বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং এক্সপোতে দর্শনার্থীদের সাড়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এ সময় দাহুয়ার প্যাভিলিয়নে কোয়াডহাব লিমিটেডের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

জাকির উদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো দাহুয়ার ফায়ার অ্যালার্ম প্রযুক্তি পরিচিত করছে কোয়াডহাব লিমিটেড। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ দেশের সব ধরনের স্থাপনার জন্য এ প্রযুক্তি অত্যন্ত উপযোগী। উন্নত প্রযুক্তির এসব পণ্য সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন প্রযুক্তির বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো ভবন বা স্থাপনায় আগে থেকেই ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকলে এর সঙ্গে একটি ছোট ডিভাইস সংযুক্ত করেই পুরো ব্যবস্থাকে এআই ও আইওটি-ভিত্তিক স্মার্ট সিস্টেমে রূপান্তর করা সম্ভব। এর ফলে ভবনের মালিক বা দায়িত্বশীল ব্যক্তি যেখানেই অবস্থান করুন না কেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হওয়ার আগেই সতর্কবার্তা পাবেন।

তিনি আরও বলেন, কোনো স্থাপনায় ধোঁয়া, অতিরিক্ত তাপমাত্রা কিংবা কার্বন মনোক্সাইড শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসকেও দ্রুত অবহিত করার ব্যবস্থা থাকবে। ব্যবহারকারী ফোনে সাড়া না দেওয়া পর্যন্ত বারবার সতর্কবার্তা পাঠানো হবে। ফলে রাতে ঘুমানোর সময়, বাসার বাইরে অবস্থান কিংবা ঈদসহ দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ থাকলেও স্থাপনার নিরাপত্তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

জাকির উদ্দীন আহমেদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশে এ স্মার্ট ফায়ার সেফটি প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

দাহুয়ার আন্তর্জাতিক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিশ্বের ৭১টি দেশে দাহুয়ার কার্যক্রম রয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পরিবেশক হিসেবে কোয়াডহাব লিমিটেড প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ সমাধান নিয়ে কাজ করছে। এর আওতায় ডেটা সেন্টার, আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাতের জন্য সমন্বিত ফায়ার সেফটি সল্যুশন সরবরাহ করা হবে।

তিনি বলেন, দাহুয়া শুধু ফায়ার অ্যালার্ম নয়, বরং পূর্ণাঙ্গ লাইফ সেফটি সল্যুশনের বিভিন্ন পণ্য তৈরি করছে। বাংলাদেশে সিসিটিভি ও ভিডিও নজরদারি প্রযুক্তিতে দাহুয়া যেভাবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, একইভাবে উন্নতমানের ফায়ার সেফটি ও লাইফ সেফটি পণ্য সাশ্রয়ী মূল্যে বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর আয়োজন সম্পর্কে জাকির উদ্দীন আহমেদ বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ফায়ার সেফটি ও নিরাপত্তা খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উৎপাদক, আমদানিকারক, পরিবেশক এবং প্রযুক্তি সমাধানদাতাদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।

এবারের আয়োজনে ২০ থেকে ২৫টি দেশের পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মানুষের জানমাল ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সেফটি সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। কারণ, হাজার কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করলেও সেখানে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ও জীবন সুরক্ষার ব্যবস্থা না থাকলে সেই বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে।

তিনি জানান, এবারের এক্সপোতে ১২ হাজার দর্শনার্থী ও গ্রাহক সম্পৃক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক্সপোর অংশ হিসেবে চারটি কারিগরি সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব সেমিনারে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ বক্তারা বিনা মূল্যে অংশগ্রহণকারীদের আধুনিক ফায়ার সেফটি প্রযুক্তি, নিরাপত্তাব্যবস্থা এবং নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা দেবেন।

জাকির উদ্দীন আহমেদ বলেন, ফায়ার সেফটি ও লাইফ সেফটি সম্পর্কে জানতে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের এ মেলা পরিদর্শন করা উচিত। এর মাধ্যমে নিজেদের বাসা, অফিস, কারখানা ও অন্যান্য স্থাপনা কীভাবে আরও নিরাপদ রাখা যায়, সে বিষয়ে বাস্তব ধারণা পাওয়া সম্ভব।

বাংলাদেশে দাহুয়ার বাজার অবস্থান সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দাহুয়ার প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ছোট আবাসিক বাড়ি থেকে শুরু করে বড় বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান—সব জায়গায় নিরাপত্তার প্রয়োজনে সিসিটিভি ও নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় খাতেই দাহুয়ার প্রযুক্তির ব্যবহার রয়েছে। বাংলাদেশ পুলিশ সারা দেশে তাদের বিভিন্ন নিরাপত্তাব্যবস্থায় দাহুয়ার প্রযুক্তি ব্যবহার করছে। এ ছাড়া এলওসিসি (LOCC)-তেও দাহুয়ার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার মধ্যে দাহুয়ার পণ্য ছিল বলে জানান তিনি।

জাকির উদ্দীন আহমেদ বলেন, দাহুয়া ইতোমধ্যে দেশের বিভিন্ন পর্যায়ে নিজেদের প্রযুক্তিগত উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন উন্নত ফায়ার অ্যালার্ম, অগ্নিনিরাপত্তা ও লাইফ সেফটি সল্যুশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

তিনি আশা প্রকাশ করেন, কোয়াডহাব লিমিটেডের মাধ্যমে দাহুয়ার আধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তি বাংলাদেশের আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সরকারি খাতে অগ্নিনিরাপত্তাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়তা করবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930