ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ.ই. এম. হামিদুল্লাহ আজ বুধবার (২ এপ্রিল) ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নয়াদিল্লিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুসংহত এবং কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম (Joint Training) বৃদ্ধি এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের গভীরতর সহযোগিতার সুযোগ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
প্রতিরক্ষা ভবিষ্যতে নতুন নতুন যৌথ উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।
ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন (ADGPI) এক বার্তায় জানিয়েছে, এই বৈঠকটি দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার প্রতিফলন। ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে যৌথ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সামরিক সম্পর্ককে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও আধুনিক করতে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দুই দেশের সামরিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে।