ভাষার চেতনা ও বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা’ আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবারের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন।
প্রকাশকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং সৃজনশীল প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে এবারের মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের স্টল ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী।
মেলার দ্বিতীয় দিন, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’।
সংস্কৃতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “সরকার বইমেলার ঐতিহ্য বজায় রাখতে এবং প্রকাশকদের সহায়তা করতে স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল ও সার্থক করে তুলতে হবে।” প্রকাশকরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক এবং সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন।
মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
বইপ্রেমী পাঠক, লেখক এবং প্রকাশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মেলা এক অনন্য উৎসবে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ।