সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য আমাদের সংস্কৃতি চর্চাকে বেগবান করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে অপশক্তিকে রুখে দিতে হবে।
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ও সংস্কৃতি চর্চা একসাথে চলবে। সংস্কৃতি বোধ না থাকলে পড়াশোনার মানে থাকে না। আমাদের গর্ব করার মতো সংস্কৃতি আছে। আমাদের সমৃদ্ধ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে। এগুলো অনুধাবন করলে শক্তি যোগায়। সংস্কৃতির শক্তি অনুধাবন করলে এবং ধারণ করে চললে কেউ দাবায়ে রাখতে পারেনা।
মন্ত্রী আরও বলেন, আমরা সম্পদে বা অস্ত্রে সবচেয়ে ধনী দেশ হতে চাই না, আমাদের যা আছে তা নিয়ে একটি সংস্কৃতবান স্বনির্ভর জাতি হিসেবে দাঁড়াতে পারি। আমরা পারিনা বা পারবো না এমন কিছু নেই। আমাদের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ভাষা সবকিছুর শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি সংযমী হতে শেখায়। বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা, জ্ঞান তৈরির জায়গা ও মুক্ত বুদ্ধি চর্চার জয়গা। বিশ্ববিদ্যালয়ে চর্চার মাধ্যমে সংস্কৃতির ধারাকে বেগবান করতে হবে।
মন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের সময় বাঙালির পরিচয়ের বিষয়টির মিমাংসা হয়েছিল। ৭১ এ স্বাধীনতা অর্জনের পর বাঙালি পরিচয় নিয়ে চলবো। কিন্তু ঐ সময় থেকে এ বিষয়টি নিয়ে একটি মহল বিতর্ক তুলেন। যারা সে সময় বিতর্ক তুলেন তারা এখনও বিষয়টি নিয়ে বিতর্ক তুলেন। তারা আমাদের বিরুদ্ধে ছিলেন, এখনও আছেন। গোলমাল বাধিয়ে অগ্রগতি ও অগ্রযাত্রাকে বাধা দেয়ার চেষ্টা করে। অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য আমাদের সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
পরে মন্ত্রী উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘রং’ এর মোড়ক উন্মোচন করেন ও সংবর্ধিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।