বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি পালন করা হবে।
আজ ১৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
পরদিন ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) এর মাল্টিপারপাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ শহীদ জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করবেন।
জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা এবং শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দলের পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচিগুলো সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।