• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরস ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৬
রিহ্যাব-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরস  ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা দিয়েছে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম। আজ সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবাসন খাত থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদেরও সম্মাননা জানানো হয়, যা আবাসন শিল্পের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুl তিনি আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে এই খাতের ভূমিকা অপরিসীম। তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে রিহ্যাব-এর নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। রিহ্যাব-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ বোর্ড অব ডিরেক্টরসের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মোঃ বরকাত উল্লাহ, এ.এফ.এম ওবায়দুল্লাহ, মোহাম্মদ মোরশেদুল হাসানসহ রিহ্যাব-এর অন্যান্য পরিচালক এবং রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও ঢাকা সাউথ ডেভেলপার ফোরাম এর জেনারেল সেক্রেটারী ড. মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সভাপতি জাতীয় সংসদ সদস্য মোঃ ফখরুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণের ক্ষেত্রে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবনির্বাচিত বোর্ডের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে আবাসন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা পালন করবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল তার বক্তব্যে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংবর্ধনা নবনির্বাচিত বোর্ডকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। তিনি আবাসন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, আবাসন খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সঠিক নীতি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে এ খাতকে ঘুরে দাঁড় করানো সম্ভব। তিনি সরকারের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা আবাসন খাতের উন্নয়নে নীতিগত সহায়তা, সহজ ঋণ সুবিধা, কর কাঠামোর সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন। পাশাপাশি নগর পরিকল্পনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আবাসন খাতের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ডেভেলপার, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031