• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আটাব নির্বাচন ২০২৬: ট্রাভেল খাতে স্বচ্ছতা ফেরানোর অঙ্গীকার সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
আটাব নির্বাচন ২০২৬: ট্রাভেল খাতে স্বচ্ছতা ফেরানোর অঙ্গীকার সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদের

দেশের ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ইশতেহার, অতীতের সফল কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’। আগামী ২৫ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ‘টিকিট সিন্ডিকেটমুক্ত ও সকল আটাব সদস্যের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্যানেলের শীর্ষ নেতারা তাঁদের নির্বাচনি অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।
এবারের নির্বাচনে প্যানেল প্রধান ও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটাবের চারবারের নির্বাচিত সাবেক সফল সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)। প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
মহাসচিব পদপ্রার্থী: মোহাম্মদ জুমান চৌধুরী (এলহাম ট্রাভেল কর্পোরেশন),সহ-সভাপতি পদপ্রার্থী: মো. জালাল উদ্দিন টিপু (টেলন কর্পোরেশন লিমিটেড),যুগ্ম মহাসচিব পদপ্রার্থী:সবুজ মুন্সী (নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস)

মতবিনিময় সভায় বক্তারা ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এস. এন. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বাধীন কমিটির নানা গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা স্মরণ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—ভ্যাট ও কর-সংক্রান্ত জটিলতা নিরসন, আইএটিএ (IATA)-সংক্রান্ত সুবিধা নিশ্চিতকরণ, কমিশন ও ফি আদায়, অনলাইন ও ডিজিটাল অটোমেশন, অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং হজ ও ওমরাহ এজেন্সির স্বার্থসংশ্লিষ্ট অধিকার আদায়।
“সৎ ও স্বচ্ছ নেতৃত্ব সমৃদ্ধ করবে ট্রাভেল খাত, অসৎ ও দুর্নীতিযুক্ত নেতৃত্ব নিপাত যাক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী দিনে একটি সম্পূর্ণ সদস্যবান্ধব, জবাবদিহিমূলক ও আধুনিক আটাব গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’।

সভায় প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন,
“অতীতের মতো এবারও আমরা অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছি। আটাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ট্রাভেল এজেন্টদের ব্যবসায়িক অধিকার সুরক্ষায় আগামী ২৫ জুলাই পূর্ণ প্যানেলে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করার জন্য সব সম্মানিত সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

সহ-সভাপতি পদপ্রার্থী মো. জালাল উদ্দিন টিপু তাঁর বক্তব্যে বলেন, “আমরা নির্বাচিত হলে সাধারণ সদস্যদের ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। ট্রাভেল খাতে টিকিট সিন্ডিকেটের যে নৈরাজ্য চলছে তা সম্পূর্ণ দূর করে একটি সুস্থ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলা হবে।”

আসন্ন নির্বাচনে ট্রাভেল খাতের সামগ্রিক উন্নয়ন ও সংস্কারের স্বার্থে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’-এর পাশে থাকার জন্য ভোটার ও সাধারণ সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে প্যানেলটির নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930