• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেধার ভিত্তিতে তেলেগুদের চাকরি দেওয়া আহবান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
মেধার ভিত্তিতে তেলেগুদের চাকরি দেওয়া আহবান

মেধার ভিত্তিতে বাংলাদেশে বসবাসরত তেলেগু জনগোষ্ঠীকে রাষ্ট্রের সর্বত্র চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন উন্নয়ন কর্মীরা।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর দয়াগঞ্জে তেলেগু সিটি কলোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সেখানে তেলেগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির ২০২৫-২৮ সালের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শুধু পরিচ্ছন্নতা পেশায় সীমাবদ্ধ না রেখে শিক্ষিত তেলেগু তরুণদের মূলধারার চাকরিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তেলেগু জনগোষ্ঠী এদেশে দুই শতাব্দীর বেশি সময় ধরে বসবাস করছে। ব্রিটিশ আমলে পূর্বপুরুষদের আনা হলেও আজ তাদের প্রজন্ম এ দেশের সন্তান। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা পেশায় নিয়োজিত থাকলেও, শিক্ষিত তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার যোগ্যতা ও আগ্রহ।

তারা বলেন, শুধু তেলেগু কলোনিতে জন্ম নেওয়ার কারণে যেন কেউ বৈষম্যের শিকার না হয়। একবিংশ শতাব্দীতে জাতিগত পরিচয় কিংবা বংশানুক্রমের কারণে চাকরি থেকে বাদ পড়া অগ্রহণযোগ্য। মেধাস্বত্বকে প্রাধান্য দিয়ে চাকরিতে অন্তর্ভুক্তি হলে সমাজে ন্যায্যতা ও অংশীদারিত্ব নিশ্চিত হবে।

তেলেগু সম্প্রদায়কে উদ্দেশ্য করে তারা আরও বলেন, এখন সময় এসেছে বাস্তবমুখী ও কারিগরি শিক্ষা অর্জনের। শুধু সিটি করপোরেশনের চাকরির অপেক্ষায় না থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হবে। তেলেগু তরুণদেরকে মূলধারায় প্রবেশে উৎসাহ দিতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে।

তেলেগু নেতারা বলেন, আদি জাত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এ পেশায় তেলেগুদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি, এই আমাদের ভাষা, সংস্কৃতি ও পেশাগত বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের সংঘবদ্ধ বসবাসের জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা এ দেশেরই মানুষ। আমাদেরও অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার, গড়ে ওঠার এবং অবদান রাখার। আমাদের পিছিয়ে রাখলে শুধু তেলেগুদের নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো রাষ্ট্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রাহাত হুসাইন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, তেলেগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি বি, আপ্পারাও, সাধারণ সম্পাদক – যোশেফ ইউ,কে, নন্দন (জয়), আরও বক্তৃতা করেন আপ্পারাও জনি, মাট্টা রাজা, পি-প্রকাশ, এ জোসেফ দাস, ভূপাতি ইসারাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জন বোব্বাদী। সভাপতিত্ব করেন শিবরাত্রি আপ্পারাও।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতারা জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, তরুণদের কর্মসংস্থান এবং নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930