জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর অন্যতম সদস্য ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ বার্ধক্যজনিত কারণে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুম মাহমুদ উল্লাহ প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান মাহমুদ উল্লাহ মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মাহমুদ উল্লাহকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মাহমুদ উল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।