আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহার হতে দেওয়া হবে না বলে কঠোর নিশ্চয়তা প্রদান করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিবেশী দেশ থেকে অবৈধ অস্ত্র আসা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করতে পারবেন না।” তিনি বিশ্বাস করেন, নির্বাচনে নিয়োজিত প্রায় দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
ফ্যাসিস্ট ও জঙ্গিবাদ দমনে কঠোর হুশিয়ারি
জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন যে, দেশে বর্তমানে জঙ্গি ও চরমপন্থিদের তৎপরতা আগের তুলনায় অনেক কমেছে। তবে যারা বিদেশে পালিয়ে থেকে ‘ফ্যাসিস্ট জঙ্গি’ হিসেবে কার্যক্রম চালাচ্ছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি হুশিয়ারি দেন।
এদিন ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৯৬ জন প্রশিক্ষণার্থী তাঁদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষ করে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ‘বেস্ট প্রবেশনার’ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া মেহেদী আরিফ ‘বেস্ট একাডেমিক’, সজীব হোসেন ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, মোসলেহ উদ্দীন আহমেদ ‘বেস্ট হর্সম্যানশিপ’ এবং সালমান ফারুক ‘বেস্ট শ্যুটার’ হিসেবে পুরস্কৃত হন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও সততার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।