আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ কোন প্রার্থীকে মনোনয়ন দেবে না বিধায় জরুরি বর্ধিত সভার মাধ্যমে প্রার্থী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে জরুরী বর্ধিত সভার আহবান করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনাকে সিটি নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
গত বছরের ১৩ ডিসেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আকস্মিক মৃত্যুবরণ করেন। এতে কুমিল্লা সিটির মেয়রের পদটি শূন্য হয়ে যায়। বর্তমানে সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ১১ নং ওয়ার্ড এর কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী।
পরে গত ২৪ জানুয়ারি কুমিল্লা সিটির মেয়র পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলের পর থেকে এই পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ছয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ মার্চ আরম্বরপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।