• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতেই হবে-সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতেই হবে-সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে উদগ্রীব হয়ে উঠেছে। এই গণআকাঙ্ক্ষাকে কোনোভাবেই দমন করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতেই হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়— এটি জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ— সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও সহায়ক। কোনো পক্ষের হয়ে নয়, বরং জনগণের ভোটাধিকার রক্ষাই হতে হবে তাদের একমাত্র অগ্রাধিকার।
এর আগে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত অন্য দুই প্রার্থী হলেন— আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।
এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপির প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানান, সালাহউদ্দিন আহমদ আজ রাতে পেকুয়ায় অবস্থান করবেন এবং আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930