• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মিলিত পরিষদে পরিবর্তনের অঙ্গীকার: জনাব আবরারুল আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মিলিত পরিষদে পরিবর্তনের অঙ্গীকার: জনাব আবরারুল আলম

আসন্ন সম্মিলিত পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনে সম্মিলিত পরিষদের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইএলএস লজিস্টিক সার্ভিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবরারুল আলম। সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান ক্লাবে ক্রিস্টাল প্যালেস হলে এক নির্বাচনী অনুষ্ঠানে তিনি সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জনাব আবরারুল আলম বলেন, “এবারের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই বিপুল উপস্থিতিই প্রমাণ করে যে আমাদের সম্মানিত সদস্যরা সংগঠনের নেতৃত্বে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চান।”

তিনি আরও উল্লেখ করেন যে, সম্মিলিত পরিষদের মূল শক্তি হলো এর সাধারণ সদস্যরা। ভোটারদের গুরুত্বারোপ করে তিনি বলেন, “নেতৃত্ব কারা দেবেন তা সম্পূর্ণভাবে সম্মানিত সদস্যদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা বিশ্বাস করি, সদস্যরা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সঠিক ও যোগ্য ব্যক্তিদেরই নির্বাচিত করবেন যারা সংগঠনের কল্যাণে কাজ করবেন।”

বক্তব্যের শেষে তিনি আগামী ১৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকল সদস্যকে সময়মতো ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক নেতৃত্বের মাধ্যমেই সম্মিলিত পরিষদ আগামীতে একটি শক্তিশালী ও আধুনিক সংগঠনে পরিণত হবে।