আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ১৭ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ এ্যাথলেট (প্রবীণ) এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ এ্যাথলেট (নবীন) হিসেবে নির্বাচিত হয়। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৪টি ট্র্যাক ও ১৫টি ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।