অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের (অডিটর) ওপর বাহ্যিক কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের পরিবর্তে পেশাগত স্ব-নিয়ন্ত্রণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ ধাপে বা শেষ অবলম্বন হিসেবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল র্যাডিসন ব্লুতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, যেকোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কোনোভাবেই চাপিয়ে দেওয়া বা জোরপূর্বক করানো উচিত নয়। হিসাবরক্ষক ও অডিটররা নিজেরাই তাঁদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। নিজেদের মধ্যে স্ব-নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে হবে এবং আইসিএবি একটি প্রতিষ্ঠান হিসেবে স্ব-নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করলে সরকার, আয়কর বিভাগ কিংবা এনবিআরের পক্ষ থেকে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না।
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি উন্নত জাতি হিসেবে আমাদের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকরা একসময় সামনের সারিতে ও কেন্দ্রবিন্দুতে থাকবেন। কারণ, একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং কর পরিশোধসহ অর্থনীতির অনেক কিছু নির্ভর করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতির কারণে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহির পুরো ইকোসিস্টেম বা সামগ্রিক ব্যবস্থাটিকে সচল, কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে, যাতে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে।
অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী কঠোর মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুরস্কারের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ, এই স্বীকৃতির মাধ্যমেই বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছায়।
অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ খান, চেয়ারম্যান, বিএসইসি। এ ছাড়া আইসিএবির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।