• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির জাতীয় নির্দেশিকা (২০২৭) প্রণয়নে প্রথম কনসেনসাস সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির জাতীয় নির্দেশিকা (২০২৭) প্রণয়নে প্রথম কনসেনসাস সভা

বহুমুখী বিশেষজ্ঞদের প্রণীত নির্দেশিকায় বাংলাদেশের নারীদের জন্য স্ক্রিনিং প্রটোকল, ইমেজিং মানদণ্ড ও কাঠামোবদ্ধ রেডিওলজি রিপোর্টিং নির্ধারণ
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ — বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই) আজ ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) মিল্টন হলে স্তন ক্যান্সার স্ক্রিনিং নির্দেশিকা প্রণয়ন কমিটির প্রথম কনসেনসাস সভায় “বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির প্রস্তাবিত জাতীয় নির্দেশিকা (২০২৭)” উপস্থাপন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) বিবেচনার জন্য খসড়াটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী।
বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) ও বিএসআরআইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিশিষ্ট অনকোলজিস্ট, সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, গাইনি-অনকোলজিস্ট, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টরা একত্র হন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ও রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, খ্যাতিমান সার্জন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং বিএমইউর প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার, রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল।
বিএসআরআইয়ের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. শারমিন আক্তার রুপা প্রস্তাবিত খসড়া নির্দেশিকার মূল বিষয়গুলো তুলে ধরেন। নির্দেশিকাটি তৈরি করেছে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত নির্দেশিকা প্রণয়ন কমিটি। এই কমিটিতে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুরসহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং প্রধান বেসরকারি হাসপাতালগুলোর বিশেষজ্ঞরা।
প্রস্তাবিত খসড়ায় তিনটি বিষয় রয়েছে:
১. স্ক্রিনিং প্রটোকল: বাংলাদেশের নারীদের উপযোগী করে নির্ধারণ করা হয়েছে, কারা স্ক্রিনিং করাবেন, কোন বয়স থেকে এবং কত দিন পরপর।
২. ইমেজিং মানদণ্ড: স্ক্রিনিং কেন্দ্রগুলোতে ব্রেস্ট ইমেজিংয়ের গুণগত ও কারিগরি মানদণ্ড।
৩. কাঠামোবদ্ধ রেডিওলজি রিপোর্টিং: রিপোর্টের একটি অভিন্ন ফরম্যাট, যাতে ফলাফল চিকিৎসকদের কাছে স্পষ্টভাবে ও একইভাবে পৌঁছায়।
প্রধান অতিথি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে এই উদ্যোগের জন্য বিএসআরআইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সার। সংগঠিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এতে মৃত্যু অনেক কমানো সম্ভব। নির্দেশিকা বাস্তবায়নে তিনি বিএমইউর একাডেমিক সহায়তার আশ্বাস দেন।
মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই নির্দেশিকা একটি মানসম্মত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সারা দেশে কর্মসূচিটি চালু করতে চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি সদস্যদের খসড়া নির্দেশিকাটি পর্যালোচনা করতে এবং ২০২৭ সালে দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচির স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আহ্বান জানান।
বক্তারা একমত হন যে বাংলাদেশে বেশির ভাগ স্তন ক্যান্সার রোগী এখনো রোগের অগ্রসর পর্যায়ে শনাক্ত হন। এই অবস্থা বদলাতে জনসচেতনতা, স্ক্রিনিংয়ের সুযোগ এবং মানসম্মত ইমেজিং অপরিহার্য।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930