বেপজার চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।
আজ বেপজার নির্বাহী দপ্তর পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের উদ্দেশে এ আহ্বান জানান। নির্বাহী দপ্তরে পৌঁছালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল তাঁকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেপজাধীন ইপিজেডগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন।
এ ছাড়া তিনি পরিবেশ সংরক্ষণে বেপজার উদ্যোগগুলোকে সাধুবাদ জানান এবং সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে নিয়মিত সংলাপ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ইপিজেডগুলোতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের শ্রম অসন্তোষ দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে নির্বাহী চেয়ারম্যান বেপজার ৪৬ বছরের পথচলা, সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে মুখ্য সচিবকে অবহিত করেন। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে বেপজা রেকর্ড পরিমাণ বিনিয়োগ চুক্তি সম্পাদনের পাশাপাশি রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। শ্রমিক কল্যাণ, শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই শিল্পায়নেও বেপজার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ জনাব নুরজাহান খানম, পরিচালক-১ জনাব ফাহমিদ ফারহান, বেপজার সদস্য (প্রকৌশল), নির্বাহী দপ্তর ও বেপজাধীন জোনগুলোর নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।