• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সবুজায়ন ও পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি: মুন্সিগঞ্জে বৃক্ষরোপণ ও মশক নিধন অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
সবুজায়ন ও পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি: মুন্সিগঞ্জে বৃক্ষরোপণ ও মশক নিধন অভিযান

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর, সোমবার একটি বিশেষ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।

একই সঙ্গে দেশব্যাপী চলমান ডেঙ্গু মহামারীর প্রকোপ রোধে কার্যালয় প্রাঙ্গণে একটি পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে জেলা কার্যালয়ের আশপাশের অবিন্যস্ত ও পরিত্যক্ত ঝোপঝাড় এবং জঙ্গল সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী। এছাড়াও জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ কামরুল ইসলামসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপমহাপরিচালক মহোদয় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সরকারের ২৫ কোটি গাছ লাগানোর ভিশন এবং পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।