রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ইন্টেক্স এক্সপো ২০২৬’-এ নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা, কাস্টমাইজড সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) আধুনিক সমাধান তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ফ্লিক বাংলাদেশ।
২১ নভেম্বর শনিবার মেলা চলাকালে প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. ইমরান এইচ. বিপ্লব (Md. Imran H. Biplob) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানের কার্যক্রম, পণ্য, প্রযুক্তিগত সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ফ্লিক বাংলাদেশ একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি। রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৭ নম্বর রোডে অবস্থিত অফিস থেকে প্রতিষ্ঠানটি গত আড়াই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার তৈরি ও সরবরাহ করা।
ইন্টেক্স এক্সপোতে দর্শনার্থী ও সম্ভাব্য গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে ‘বিজটেক’ (BizTech) ও ‘রিয়েলবিজ’ (RealBiz) ইআরপি সফটওয়্যার প্রদর্শন করছে। পাশাপাশি সোলার, এনার্জি ও পাওয়ার সেক্টরের জন্য রয়েছে বিশেষায়িত ‘এনারবিজ’ (EnerBiz) ইআরপি সমাধান।
বিজটেক সম্পর্কে মো. ইমরান এইচ. বিপ্লব বলেন, এটি একটি শক্তিশালী ও বহুমুখী কাস্টমাইজড ইআরপি সফটওয়্যার। অ্যাগ্রো, ট্রেডিং, লজিস্টিকস, ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এর মডিউল সংযোজন বা বাদ দেওয়া যায়। ফলে কোনো প্রতিষ্ঠানের যে মডিউল প্রয়োজন নেই, সেটি ব্যবহার না করেও নিজস্ব ব্যবসায়িক কাঠামো অনুযায়ী সফটওয়্যারটি পরিচালনা করা সম্ভব।
এতে সেলস, পারচেজ, ইনভেন্টরি, অ্যাকাউন্টস, আইএফআরএস (IFRS) স্ট্যান্ডার্ড, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM), ক্রেডিট রিয়ালাইজেশন এবং অটোমেটেড এইচআর ও পে-রোল ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা রয়েছে। পাশাপাশি বায়োমেট্রিক ও লোকেশন ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তিগত সুবিধাও যুক্ত করা হয়েছে।
রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি করা হয়েছে ‘রিয়েলবিজ’ ইআরপি। এতে রয়েছে ১২টি মডিউল। এর মাধ্যমে জমি অধিগ্রহণ, প্রকল্প ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, সেলস, কাস্টমার রিলেশন, প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা যায়।
সোলার, পাওয়ার ও এনার্জি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে ‘এনারবিজ’ ইআরপি। প্রায় ১০টি মডিউলসমৃদ্ধ এই সফটওয়্যারে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইচআর, সাপ্লাই চেইন এবং বিশেষায়িত সার্ভে মডিউল যুক্ত করা হয়েছে। ফলে এ খাতের প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প ও ব্যবসায়িক কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারে।
ফ্লিক বাংলাদেশের প্রযুক্তিগত বিশেষত্ব তুলে ধরে ইমরান এইচ. বিপ্লব বলেন, তাঁদের সফটওয়্যারগুলোর প্রতিটি মডিউলে আলাদা এআই এজেন্ট সংযুক্ত করা হয়েছে। এর ফলে প্রচলিত পদ্ধতিতে একাধিক ধাপ অনুসরণ করে তথ্য খোঁজার পরিবর্তে চ্যাটবটের মাধ্যমে ভয়েস কমান্ড বা নির্দেশনা দিয়েই প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন পাওয়া সম্ভব।
উদাহরণ হিসেবে তিনি জানান, ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেলস রিপোর্ট, কর্মীদের তথ্য এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের বিশ্লেষণ জানতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনা আরও সহজ হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপের মাধ্যমেও সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়।
প্রতিষ্ঠানটির গ্রাহক ও কার্যক্রম সম্পর্কে তিনি জানান, রিয়েল এস্টেট খাতে বাক্কো হোল্ডিংস, মারমেইড গ্রুপ ও ইনফিনিটি হোল্ডিংস; ট্রেডিং ও ম্যানুফ্যাকচারিং খাতে হাসনা ট্রেড, টিম স্টার ও উইনবন টেক্সটাইলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ফ্লিক বাংলাদেশ। এ ছাড়া মিডিয়া খাতে চ্যানেল আই, মাছরাঙা ও ডিবিসি এবং শিক্ষা খাতে সিটি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সফটওয়্যার সেবা ব্যবহৃত হচ্ছে।
সরকারি সহায়তা প্রসঙ্গে ইমরান এইচ. বিপ্লব জানান, এখন পর্যন্ত তাঁরা সরকারি বা আইসিটি খাত থেকে কোনো ধরনের আর্থিক কিংবা প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণ করেননি। তবে ভবিষ্যতে দেশের সফটওয়্যার ও প্রযুক্তি খাতের বিকাশে সরকারি সহযোগিতা, নীতিগত সহায়তা এবং দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি আরও ইতিবাচক দৃষ্টি প্রত্যাশা করেন তাঁরা।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক প্রযুক্তি, কাস্টমাইজড ইআরপি এবং এআইভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ফ্লিক বাংলাদেশ।