• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিরোধী দলের নেতার সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের সাক্ষাৎ: টেক্সটাইল খাতের সমস্যায় সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
বিরোধী দলের নেতার সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের সাক্ষাৎ: টেক্সটাইল খাতের সমস্যায় সহযোগিতার আশ্বাস

বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের সাক্ষাৎ, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা প্রদানে বিরোধী দলের নেতার আশ্বাস

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান এমপি’র আমন্ত্রণে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি জনাব শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল আজ তার মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারী বাসভবনে সাক্ষাৎ করেন ।

সভার শুরুতেই সুচনা বক্তবে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান, এমপি আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তথা জাতীয় অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের অবদান এবং তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সরকারের টেক্সটাইল সর্ম্পকিত সব ধরনের উদ্যোগ ও নীতি সহায়তা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানে তিনি কার্যকরী ভূমিকা পালন করবেন । তিনি বলেন , দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে টেক্সটাইল খাতের সমস্যাসমূহ জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্ট করা হবে ।

বিটিএমএ‘র প্রতিনিধিদল দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সংক্ষেপে বর্ণনা করেন এবং শিল্পের টেকসই উন্নয়নে সরকারের সম্ভাব্য ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন । আলোচনাকালে বিটিএমএ’র প্রতিনিধিদল বিশেষভাবে উল্লেখ করেন যে , টেক্সটাইল খাতের সমস্যা সমুহ সমাধানের জন্য বিটিএমএ’র প্রতিনিধিদল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দুইবার সাক্ষাত করেছেন । প্রধানমন্ত্রী সমস্যাসমূহ সমাধানের নিমিত্তে একটি উচ্চ পর্যায়ের আন্ত:মন্ত্রনালয় কমিটি গঠন করেন । কমিটির নির্দেশনা মোতবেক বিটিএমএ কর্তৃক টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধান ও উন্নয়ন কল্পে একটি সমন্বিত প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে দাখিল করা হয়েছে যা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে ।

জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং এলডিসি-উত্তরণ-পরবর্তী রপ্তানি সক্ষমতা সুরক্ষার লক্ষ্যে বিটিএমএ-এর পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানে সহযোগিতার জন্য নিম্নলিখিত প্রস্তাব উপস্থাপন করা হয়:

  • রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ
  • দেশীয় প্রাইমারী টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ
  • স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি
  • কর্মসংস্থান সুরক্ষা
  • বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ
  • সরকারী রাজস্ব সুরক্ষা
  • বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধ করা।

বিরোধী দলের নেতা বিটিএমএ নেতৃবৃন্দের উপস্থাপিত বিষয়সমূহ অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শ্রবণ করেন । একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব বলে তিনি মতামত ব্যক্ত করেন। বিটিএমএ’র উল্লিখিত প্রস্তাবগুলো বাস্তবায়নে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে আলোচনা করে সম্ভাব্য সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন বলে তিনি আশ্বস্ত করেন ।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন যে, বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে এ খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে টেক্সটাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকালে বিটিএমএ-এর পক্ষে সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, জনাব শফিকুল ইসলাম সরকার, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ, জনাব হোসেন মেহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ, জনাব শাহিদ আলম, পরিচালক, বিটিএমএ, জনাব প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক, বিটিএমএ, জনাব মোশারফ হোসেন, সাবেক পরিচালক, বিটিএমএ , ব্রিগে. জেনা. মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.) সেক্রেটারি জেনারেল, বিটিএমএ এবং বিটিএমএ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার , সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31