• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সংজ্ঞা নির্ধারণ, কল্যাণ নিশ্চিত করা, ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক ছাড়া যাতে অন্যরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট হওয়া প্রয়োজন।

আজ সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী সভার মতামতের ভিত্তিতে এসময় একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—তা স্পষ্ট থাকা প্রয়োজন।

তিনি সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন। এ ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।