• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এক্সপোর উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। পরে বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ও সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড সদস্য ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এ সময় মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা, কনসুলেটের কর্মকর্তা, সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপেরেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস লিমিটেড।

ইপিবির উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

আয়োজক পিরামিডস গ্রুপের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোয় ৫৫০টির বেশি বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ মেলার মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930