শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. ইয়াসমিন আহমেদ রচিত ‘উপমহাদেশের রাজনীতি: স্মরণীয় ব্যক্তিত্ব’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব আজ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে যারা নিজের স্বার্থে ব্যবহার করেছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। প্রকৃত গণতন্ত্র মানুষের অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর প্রতিষ্ঠিত।” তিনি আরও বলেন, ইতিহাসভিত্তিক গবেষণা ও প্রামাণ্য গ্রন্থ নতুন প্রজন্মকে রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী ড. ইয়াসমিন আহমেদের গবেষণাধর্মী এ গ্রন্থের প্রশংসা করে বলেন, উপমহাদেশের রাজনীতির উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জীবন, কর্ম ও ঐতিহাসিক অবদান নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের মাধ্যমে বইটি গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের জন্য মূল্যবান সংযোজন হবে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সংস্কৃতিজন ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ গ্রন্থটির প্রকাশকে ইতিহাস ও রাজনৈতিক গবেষণায় একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন এবং লেখক ড. ইয়াসমিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।