• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপিএমইএ-কে একটি আধুনিক ও সমৃদ্ধ খাতের রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ঐক্য পরিষদ’: প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মোঃ শাহরিয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
বিপিএমইএ-কে একটি আধুনিক ও সমৃদ্ধ খাতের রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ঐক্য পরিষদ’: প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মোঃ শাহরিয়ার

বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BPAMEA) (বিপিএমইএ)-এর নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী (ব্যালট নং-০১) এবং আদজি ট্রিমস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহরিয়ার এই খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের প্যাকেজিং হাব হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বিপিএমইএ নির্বাচনের পরিচিতি সভায় সুধীবৃন্দ ও ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সভায় স্বাগত বক্তব্যে মোঃ শাহরিয়ার বলেন, *“ব্যবসা থাকলে ব্যবসায়ী, আর ব্যবসায়ী থাকলে সংগঠন। সংগঠনের জন্য ব্যবসা নয়, ব্যবসার জন্যই সংগঠন।”* তিনি বিগত মেয়াদের সাফল্য তুলে ধরে জানান, গত নির্বাচনের পূর্বে ঐক্য পরিষদের পক্ষে ঘোষিত ২১টি ইশতেহারের মধ্যে অত্যন্ত সফলতার সাথে ২০টি ইশতেহার আলোর মুখ দেখেছে ও বাস্তবায়িত হয়েছে।

দীর্ঘ ৩৭ বছরের একটি ঐতিহাসিক দাবির উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী ভাইদের সুবিধার কথা চিন্তা করে সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রামে বিপিএমইএ-এর নিজস্ব কার্যালয় ক্রয় সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়া বিটিএমএ, বিকেএমইএ, এফবিসিসিআই, এশিয়ান প্যাকেজিং ফেডারেশন ও ওয়ার্ল্ড প্যাকেজিং ফেডারেশনের মতো দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে নিবিড় সহযোগিতার মাধ্যমে এই খাতের ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারী সহ নানা বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ এবং প্যাকেজিং খাত শতভাগ স্বয়ংসম্পূর্ণ থেকে তৈরি পোশাক শিল্পের রপ্তানি ও শিপমেন্ট সচল রাখতে প্রধান ভূমিকা পালন করেছে।

বিপিএমইএ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্যানেল লিডার মোঃ শাহরিয়ার বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিদ্যমান সমস্যা সমাধান নয়; বরং নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, প্রযুক্তিগত বিকাশ এবং বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।”*

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, সংগঠনের ২৭টি পদের মধ্যে ইতোমধ্যেই ২৬টি পদে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য বিপিএমইএ নির্বাচনে সভাপতি পদে ‘ঐক্য পরিষদ’-এর অগ্রযাত্রা বজায় রাখতে এবং ব্যবসাবান্ধব বিপিএমইএ গঠনে ব্যালট নং-০১ এ ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকল সম্মানিত সদস্য ও ভোটারের প্রতি বিনীত আহ্বান জানান মোঃ শাহরিয়ার।

“উক্ত পরিচিতি সভায় বিপিএমইএ-এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিটিএমইএ-এর প্রেসিডেন্ট, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট এবং বিকেএমইএ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেলা কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন তৈরি পোশাক ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক সম্মানিত সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930