গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতে সরকারের প্রতি বিটিএমএ-এর কৃতজ্ঞতা
গুলশান ক্লাবে বিটিএমএ-এর সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ-এর সভাপতি জনাব শওকত আজিজ রাসেল ।
সভায় বক্তব্য প্রদানকালে বিটিএমএ-এর সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম এমপি বলেন, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে । তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকট একটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এবং এর স্থায়ী সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম গ্রহণ করছে । তিনি দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের স্বার্থে ১০–৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির বিদ্যমান সুযোগ বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন বিটিএমএ-এর সাবেক সহ-সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক জনাব মোঃ ফজলুল হক বাবু, জনাব তায়াবুল হক, পরিচালক জনাব শাহিদ আলম, জনাব খোরশেদ আলম, জনাব মোঃ বাদশা মিয়া এবং বিটিএমএ-এর সহ-সভাপতি । দেশের শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পক্ষ হতে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।
সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি পাওয়ায় প্রাইমারি টেক্সটাইল মিলগুলোতে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে । দীর্ঘদিনের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগে এ ধরনের উন্নতি শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । এ জন্য সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।