বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপি চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেছেন। ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) সেমস-গ্লোবাল ইউএসএ এবং সেমস বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপি বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাত বিশ্ববাজারে নিজের অবস্থান দৃঢ় করতে ক্রমাগত আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উৎপাদনের দিকে এগোচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী আমাদের স্থানীয় উদ্যোক্তা ও উৎপাদনকারীদের আধুনিক প্রযুক্তি, অটোমেশন, মানসম্পন্ন কাঁচামাল এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সাস্টেইনেবিলিটি ও ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিতে হবে। এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেশীয় পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও সার্বিক বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিএমইএ-সহ তৈরি পোশাক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সিরিজ প্রদর্শনী আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিশ্বজুড়ে ৩৭টি দেশের ১,৪৭৫টিরও বেশি প্রতিষ্ঠান তাদের আধুনিক যন্ত্রপাতি, সুতা, ফ্যাব্রিকস, ডাইস ও কেমিক্যাল প্রযুক্তি প্রদর্শন করছে।