• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

ঢাকা, ৮ জুলাই ২০২৬: জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত বর্ণাঢ্য ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশালতা, তার মধ্যে জাদুশিল্প অন্যতম একটি প্রাচীন ও প্রতিষ্ঠিত শিল্প মাধ্যম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের ঐতিহ্যবাহী জাদুশিল্পীরা ও সাপুড়েরা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছেন। মানুষের সংগ্রামের সাথী হওয়া এবং সুস্থ বিনোদন দেওয়ার এই শিল্পকে আমরা আর অবহেলায় রাখতে পারি না। আজ থেকে এই জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।”

তিনি আরও বলেন, “পারফর্মিং আর্ট তথা যাদুশিল্প হচ্ছে আমাদের সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, যা বিনোদনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন অর্থবছর (জুলাই) শুরু হওয়ায় জাদুশিল্পীদের কল্যাণে বাজেট থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।” এ সময় তিনি প্রতি মাসে অন্তত একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজন করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করেন।

মন্ত্রী পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে হাজার বছরের পুরনো বিশ্বখ্যাত বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি দেশে জাদুশিল্পের প্রসারে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ, যিনি দেশীয় যাদুশিল্পের বর্তমান বাস্তবতার নানাদিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যাদুশিল্পী ঐক্য সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন, সংস্থার উপদেষ্টা বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনস-এর সিইও ও উপদেষ্টা সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলস-এর ডিজেএম ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক ও উপদেষ্টা রোকসানা আখতার রিনি।

অভিষেক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান নারী-পুরুষ জাদুশিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ও চোখ ধাঁধানো যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা মিলনায়তনে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা করতালির মাধ্যমে উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সপরিবারে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন এবং শিল্পীদের অনুপ্রেরণা জোগান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930