রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আজ থেকে শুরু হয়েছে দেশের তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশন’ (বিটিকেজি এক্সপো-২০২৬)। চারদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২ মে পর্যন্ত।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন এক্সিবিশনের কনভেনর ফজলে শামীম এহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-র সহ-সভাপতি অমল পোদ্দার। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিকেএমইএ-র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৮টি দেশের ৯০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আইসিসিবির প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই আয়োজনে মোট ১ হাজার ২০০টি বুথ স্থাপন করা হয়েছে। কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।
প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিক মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ পোশাক শিল্পের নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে। শিল্পখাতের আধুনিকায়ন, প্রযুক্তির উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।