টেক্সটাইল প্রকৌশলীদের ভ্রাতৃত্ববোধ ও রমজানের তাৎপর্য নিয়ে আইটিইটি’র ইফতার ও দোয়া মাহফিল
টেক্সটাইল প্রকৌশলীদের ভ্রাতৃত্ববোধ ও রমজানের তাৎপর্য নিয়ে আইটিইটি’র ইফতার ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বুধবার, ৪ মার্চ ২০২৬ সন্ধ্যায় দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং টেক্সটাইল প্রকৌশলীদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি-এর প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) এবং বিকেএমইএ-এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি হিসেবে ড. মাহদী আমিন-এর উপস্থিত থাকার কথা থাকলেও যানজটজনিত কারণে তিনি যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইটিইটি, বাংলাদেশ-এর আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটিইটি-এর সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং ইফতার কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মইদুল ইসলাম মোঈদ।
এতে সম্মানিত অতিথি হিসেবে আরও অংশ নেন বুটেক্স-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাস উদ্দিন, আইইবি-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), আউকো টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান (সিআইপি) এবং মায়ার ডাক-এর সমন্বয়কারী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা দেশের বস্ত্র শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে টেক্সটাইল প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রকৌশলীদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেশের বস্ত্র খাতের শীর্ষ পর্যায়ের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং টেক্সটাইল শিল্পের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।