• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভায় রুটিন আলাপ ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি পর্যালোচনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ অপারেশনের মাধ্যমে গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ৬৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ৬৯০৭ জন সহ সর্বমোট ১৩৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথবাহিনী (পুলিশ, র‍্যাব ও বিজিবি) কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ০২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও ০১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতিদ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি- এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে (মূল হোতাকে) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী পাঁচজনকে (স্ত্রী ও শ্বশুরসহ) আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে বিস্তারিত অবহিত করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচনসমূহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি- একইভাবে জকসু নির্বাচন সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।

বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে- সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গুলশান, বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে- সে বিষয়ে ডিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাছাড়া এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরো বেশি হারে গ্রেফতার করা; গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি ও নিবিড়করণ; রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাসমূহের নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা; ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা; পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা ও নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭জনকে গ্রেফতার করেছে। পত্রিকা দুইটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায়ও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেভিল হান্ট ফেইজ-২ অপারেশনের অংশ হিসেবে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন যানবাহন (প্রাইভেট কার, মোটরসাইকেল, ইত্যাদি) তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ তিন ভাগের দুই ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বডি ওর্ণ ক্যামেরার ব্যবহার বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তাছাড়া সভায় সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা; সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকান্ড রোধে ব্যবস্থা গ্রহণ; জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি; দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহের অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ; গার্মেন্টস/শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা; গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা; সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি; রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031