‘গ্রিন রোড ইসলামিক ব্যাংকিং উপ-শাখা উদ্বোধন করল পুবালী ব্যাংক পিএলসি’ শরিয়াহ ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে, ঢাকার পান্থপথে পবালী ব্যাংক পিএলসির গ্রিন রোড ইসলামিক ব্যাংকিং উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে ইসলামিক ব্যাংকিং উপ-শাখা উদ্বোধন করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান, পল্টন ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, পবালী ব্যাংক তার গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতিমালা অনুসারে ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেই চাহিদা পূরণের জন্য, পূবালী ব্যাংক ইতিমধ্যেই দেশের প্রায় সকল শাখা এবং উপ-শাখায় ‘ইসলামিক ব্যাংকিং কর্নার’ স্থাপন করেছে। এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুসারে তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি যে দেশের প্রতিটি অঞ্চলে ইসলামী ব্যাংকিং উপ-শাখায় পৌঁছানোর মাধ্যমে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদণ্ড স্থাপন করবে।