বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের ৯ম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৯ জুন ২০২৫ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্ট্র্যাটেজিক লিডারশীপ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠান উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে ‘Empowering Youth and Moral Leadership in Challenging Environments’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কামরান টি রহমান। বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলীর বিকাশ এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরির ক্ষেত্রে এই বিভাগ কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। নিজেদের মধ্যে নৈতিকতার চর্চা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।