আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এর আয়োজনে ৮ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ২০২৫
গত ১৫ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে আগামী ৮-১০ মে, প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ২০২৫।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সেমস গ্লোবাল ও বাইটস (বি.ওয়াই.ই.টি.এস.) প্রকল্পের আয়োজনে, সুইসকন্ট্যাক্ট এর বাস্তবায়নে এবারের ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার কো-ইভেন্ট ‘অ্যাগ্রো বাংলাদেশ গ্লোবাল গেটওয়ে’। যা, বিশ্বব্যাপী কৃষি উদ্ভাবন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, বাংলাদেশের কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধির প্রবেশদ্বার এবং কৃষি খাতের অগ্রগতিতে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি, কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পৃক্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করতে এই উদ্যোগটি বিশেষ ভূমিকা পালন করবে বলেও আয়োজকদের অভিমত। এছাড়া, ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীকালীন কফি ফেস্ট অনুষ্ঠিত হবে। যেখানে কফি বিন এবং কফি যন্ত্রপাতি প্রদর্শনসহ বারিস্তা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
২১ এপ্রিল, সোমবার, সেমস বাংলাদেশের কার্যালয়ে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রিয়াদ হাসান প্রমুখ। এছাড়া, প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।