• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কোটা আন্দোলন দমন করতে গিয়ে ৪২ পুলিশ নিহত জানালেন:আইজিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
কোটা আন্দোলন দমন করতে গিয়ে ৪২ পুলিশ নিহত জানালেন:আইজিপি

বাংলাদেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বহু পুলিশ আহত হয়েছেন যা অকল্পনীয়।

আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মো. ময়নুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন।

এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করেছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করেছি পুলিশকে কাজে ফেরানো জন্য জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে।’

এসময় আইজিপি বলেন, ‘ট্রাফিক জনবলের সমস্যা নেই। তবে যে সমস্যা রয়েছে তা হলো-সবার মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে।

এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসি রয়েছে। এ ছাড়া কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় এ জন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং কথা বলেছি তাদের সাথে।