কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে আগামী ২৩-২৫ মে, বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম ঢাকা মোটর শো ২০২৪’। এ প্রদর্শনী চলাকালে একই সাথে অনুষ্ঠিত হবে ‘৮ম ঢাকা বাইক শো ২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪’।
অন্যদিকে, ‘সেমস-গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’ এর সহ-আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একইসাথে, ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ-রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।
১৩ মে, সোমবার, রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।
সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম সংবাদ মাধ্যমকে এ প্রদর্শনী আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে বলেন- ঢাকা মোটর শো এবং তৎসংশ্লিষ্ট প্রদর্শনীসমূহ মোটর প্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন এবং মোটর স্পোর্টস সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সময়ে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’-তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক এবং বাংলাদেশে প্রথমবারের ন্যায় প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইভি- ইলেকট্রিক ভেহিকল)।
ঢাকা বাইক শো বাংলাদেশের মোটরসাইকেল, স্কুটারস, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষাঙ্গিক যন্ত্রাংশ সমূহের সর্ববৃহৎ প্রদর্শনী। যা সংশ্লিষ্ট পণ্যসমূহের বাজারকে ক্রম প্রসারিত করতে ভূমিকা পালন করছে। ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী। যা বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির উৎপাদন, বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের একমাত্র বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন নতুন মডেল উপস্থাপন করার জন্য বিশ্বব্যাপী সমাদৃত অটো-কম্পোনেন্ট ব্যবসার একটি চমৎকার প্লাটফর্ম।
উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ), নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩১ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাত সংশ্লিষ্ট পেশাদার বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ট্রেড শো আয়োজন করে আসছে। বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি নানাবিধ ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে।
এছাড়া, সেমস-গ্লোবাল ইউএসএ একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে ট্রেড অ্যাসোসিয়েশন, সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক পরিমন্ডলে বাজার গবেষণা, রপ্তানি কৌশল উন্নয়ন, অংশীদার সনাক্তকরণ, এবং বাণিজ্য প্রচার সহ নানাভাবে সহায়তা করছে।
আগামী ২৩-২৫ মে ২০২৪, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, এই আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।