৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
সেনানিবাস্হ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে “৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (২৯ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের Professional Squash Association (PSA) চ্যালেঞ্জ ট্যুর ২০২৫ এবং মেয়েদের World Squash Fedaration (WSF) ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসাথে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলংকার পেশাদার খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচসমূহ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে ইন-শা-আল্লাহ।”
সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড়গণ ছাড়াও অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস্ এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।